
সমুদ্রের ওপর এক হাজার ৭০০ ফুট দীর্ঘ রানওয়ে আর প্রায় ১৮ হাজার বর্গমিটারের আধুনিক টার্মিনাল—আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে কক্সবাজার বিমানবন্দর। কারিগরি সীমাবদ্ধতার কারণে এর আগে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও তা বন্ধ হয়ে যায়। এবার নতুন করে অপারেশনাল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার কথা রয়েছে। আন্তর্জাতিক মানের নতুন টার্মিনালে রয়েছে ১৪টি চেকইন কাউন্টার ও ১০টি ইমিগ্রেশন ডেস্ক। ব্যাগেজ হ্যান্ডলিং, এক্স-রে মেশিন ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন সুবিধাও যুক্ত করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটন খাতের পাশাপাশি কক্সবাজারের যোগাযোগ ও স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসীদের যাতায়াত সহজ হওয়ার সুযোগ রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানিতে কার্গো ব্যবস্থাপনার সম্ভাবনাও দেখছেন ব্যবসায়ীরা।
সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে নিরাপত্তা, ইমিগ্রেশন ও অন্যান্য কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় বিমানবন্দরটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।